জিন তাড়ানোর কথা বলে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ, খতিব আটক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জিন তাড়ানোর কথা বলে ১৩ বছরের এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে মো. রেজাউল বারী (৪৭) নামের মসজিদের এক খতিবকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শ্রীনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রেজাউল বারী শ্রীনগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, শরীরে জিনের আছর আছে- এমন ধারণা থেকে গত ২০ সেপ্টেম্বর অসুস্থ ওই কিশোরীর পরিবার মসজিদের খতিব রেজাউলের শরণাপন্ন হয়। ওই সময় খতিব কিশোরীকে তাবিজ ও কবজ দেন এবং এতে কিছুদিন সে সুস্থও বোধ করে। কিন্তু কিছুদিন পর কিশোরী পুনরায় অসুস্থ হয়ে পড়লে পরিবারটি আবারও খতিবের সঙ্গে যোগাযোগ করে।
খতিবের কথামতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কিশোরীকে সঙ্গে নিয়ে তার মা-বাবা শ্রীনগর বাজার এলাকায় খতিবের ভাড়া বাসায় যান। পরে জিন হাজির করার কথা বলে কিশোরীকে একটি কক্ষে নিয়ে ঘরের আলো নিভিয়ে অন্ধকার করে দেন ওই খতিব।
কিশোরীর মা-বাবার অভিযোগ, ওই রাতে অন্ধকার ঘরের ভেতর জিন তাড়ানোর কথা বলে বিভিন্ন কৌশলে তাদের মেয়েকে যৌন হয়রানি করেন ওই খতিব। এ ঘটনার পর রাতেই তারা শ্রীনগর থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত বলেন, যৌন হয়রানির শিকার কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে শ্রীনগর বাজার এলাকা থেকে অভিযুক্ত খতিব রেজাউলকে আটক করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ