পিরোজপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
পিরোজপুর সদর উপজেলায় বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল শেখ পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে ভৈরমপুর এলাকায় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা নজরুল শেখের অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রশিদ আল মুনান, পিরোজপুর