ঘরে যমজ দুই শিশুর মরদেহ, ঝুলছিলেন বাবা
চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও তাঁর সাত মাস বয়সী যমজ দুই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুর নিথর দেহ বিছানায় পড়ে ছিল। আর ঘরের পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বাবা মো. জাহেদের (৫৫) মরদেহ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে। তার দুই শিশুকন্যার নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।
নিহত জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই মেয়ের জন্য মানত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজার পাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তারা। যাওয়ার সময় দুই শিশুকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্বামী জাহেদ শিশুদের বাড়িতে রেখে যাওয়ার কথা বলেন। তার যুক্তি ছিল, বাইরে গেলে শিশুরা পায়খানা-প্রস্রাব করতে পারে।
আফিয়া বেগম আরও জানান, বিকেলে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তারা। পরে ডাকাডাকি ও চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসেও।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি আমরা। এ সময় বিছানার ওপর দুই শিশুর মরদেহ এবং পাকা পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পাই।
জাহেদের চাচাতো ভাই কামাল উদ্দিন জানান, বিয়ের পর থেকে জাহেদ শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে তারা কিছু বুঝতে পারছেন না।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওসি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম