১৫ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
নওগাঁর বদলগাছীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত (বদলি) করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক আদেশে তাকে উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরিয়ে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ নির্দেশ জারি করে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুপারিশ সংবলিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শহিদুল ইসলামকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত করা হলো। বিজ্ঞপ্তিতে ওই শিক্ষককে ১১ নভেম্বর বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ১২ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত হতে বলেন শিক্ষক শহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি স্কুলে আসা চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুলও কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর শিক্ষার্থীরা তীব্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এবং অভিভাবকেরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের বিভিন্ন সময় মারধরসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। পরবর্তীতে চুল কাটার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও আলোচনার সৃষ্টি হয়।
এ বিষয়ে বদলগাছী উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা তৈরি হওয়ায় জেলা শিক্ষা কর্মকর্তার মৌখিক নির্দেশে তিনি শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠিয়েছিলেন, যার প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিস এই পদক্ষেপ নেয়।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িকভাবে অন্য বিদ্যালয়ে সরানো হয়েছে। ঘটনাটির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে স্থায়ী কী ব্যবস্থা নেওয়া হবে, তা পরবর্তীতে জানানো হবে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)