ঢাকার আদালত থেকে পলাতক হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনার পূর্বধলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দুদিনের মাথায় গতকাল বুধবার (১১ নভেম্বর) রাতে নেত্রকোনার পূর্বধলা উপজেলার নিজ বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে পূর্বধলার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে যান তিনি। গ্রেপ্তার কাউসার মিয়া নেত্রকোনা জেলার পূর্বধলা থানার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, পোশাকশ্রমিক আলো আক্তার (১৭) হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করা হয়েছিল। মঙ্গলবার ওই মামলায় তাকে আদালতে হাজির করা হলে দায়িত্বরত এক কনস্টেবলের চোখ ফাঁকি দিয়ে হাতে থাকা হাতকড়া খুলে তিনি পালিয়ে যান। এ ঘটনায় কোতোয়ালি থানায় পেনাল কোডের ২২৪ ধারায় একটি মামলা করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণপাড়া এলাকায় পোশাকশ্রমিক আলো আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে দক্ষিণখান থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন এবং ওই দিনই টঙ্গী এলাকা থেকে সন্দেহভাজন আসামি হিসেবে কাউসারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তী সময়ে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কাউসার বলেন, নিহত আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল এবং আলো অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় ক্ষোভের বশে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন।

ভজন দাস, নেত্রকোনা