রংপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরা জব্দ করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার চার নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া মৌজার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), রাজিব গ্রামের যুবলীগের ওয়ার্ড সহ-সভাপতি শাহআলম (৩৮), সদরা তালুক গ্রামের ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হেকমত আলী (৩৫) ও নিজপাড়া গ্রামের ছাত্রলীগ সদস্য শাহরিয়ার রাকিব (২৬)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই মো. রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রাত ৪টার দিকে ঘটনাস্থল ও গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৫টি বাঁশের লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরা জব্দ করে পুলিশ। এ ঘটনায় কাউনিয়া থানায় সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে আট নম্বর মামলা করা হয়েছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সুজন মনোয়ার, রংপুর (কাউনিয়া-পীরগাছা)