স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যাচেষ্টা : আইনজীবী রুদ্র কারাগারে
রাজধানীর পল্টনে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. বেল্লালকে (৩০) হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ ওরফে রুদ্রকে (৪২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ আদেশ দেন।
এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।
এর আগে, গতকাল শুক্রবার রাতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন তাকে দলবল নিয়ে শান্তিনগর থেকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেন।
আদালতে জমা দেওয়া পুলিশের আবেদনে আসামি মহিউদ্দিন আহমেদকে আইন সহায়ক পরিষদের সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সদস্য ছিলেন বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের ব্যানারে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে হোটেল ৭১-এর সামনে দিয়ে পল্টন অভিমুখে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের গতিরোধ করেন। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয়।
এতে আরও অভিযোগ করা হয়, পুলিশের সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপের মধ্যে বেল্লাল টিয়ারশেলে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। তখন হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বাদী সুস্থ হয়ে এ ঘটনায় ২০২৫ সালের ৮ মে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৩ জনকে এজাহারনামীয় এবং ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় মহিউদ্দিন আহম্মেদ রুদ্রকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো।
কারাগারে পাঠানোর আবেদনে পুলিশ বলেছে, আসামি রুদ্র দেশকে অস্থিতিশীল করার জন্য নাশকতা, হরতাল কর্মসূচি, ককটেল বিস্ফোরণ, গণপরিবহণে আগুন লাগানো, দেশবিরোধী কর্মসূচির সঙ্গে জড়িত বলে তার মোবাইল ফোনের তথ্যাদি যাচাই-বাছাই করে জানা গেছে। এ ছাড়া তিনি হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ বিভিন্ন গ্রুপে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত বলে আবেদনে উল্লেখ রয়েছে। আসামি জামিন পেলে পলাতক হতে পারেন, এজন্য সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

আদালত প্রতিবেদক