বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
সড়কে থ্রি হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকে এই বাস টার্মিনাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
সব রুটের যাত্রীরা জানায়, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ছয়টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। এখান থেকে প্রতিদিন গড়ে কয়েক হাজার যাত্রী যাতায়াত করে। বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে তারা। অনেকেই মোটরসাইকেল ও রিকশাযোগে অতিরিক্ত অর্থ ব্যয়ে গন্তব্যে যাচ্ছে।
যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় যাতায়াতের জন্য তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। পাশাপাশি কয়েক দিন পরপর বাস ধর্মঘটের বিষয়টির দিকে বিশেষভাবে নজর দেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছে।
যাত্রী সোহরাব হোসেন হাওলাদার জানান, তিনি বরিশাল থেকে নেহালগঞ্জ যাবেন। কিন্তু বাস বন্ধ থাকায় বিকল্প পথে বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে। আমেনা খাতুন নামের আরেক যাত্রী জানান, তিনি গন্তব্যে যাওয়ার উদ্দেশে বের হয়ে চরকাউয়া বাস টার্মিনালে এসে দেখেন বাস চলাচল বন্ধ। এখন বিকল্প পথে যেতে তার বাড়তি ভাড়া গুনতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ সময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা। তাদের দাবি থ্রি হুইলারের কারণে বাস দুর্ঘটনা বেড়েই চলেছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে অটোরিকশা চলছে। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। এরপর তারা দ্রুত সড়ক থেকে থ্রি হুইলার সরিয়ে নেওয়ার দাবিতে আজ বাস চলাচল বন্ধ করে দেন।
চরকাউয়া বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন জানান, আজ সকাল থেকে তারা বাস চালানোর চেষ্টা করলেও থ্রি হুইলার ও অটোরিকশার চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অপরদিকে বিক্ষুব্ধ থ্রি-হুইলার ও অটোরিকশার চালকরা জানান, তারা নিয়ম অনুযায়ী তাদের ছোট যান চালাচ্ছেন কিন্তু বাসচালকরা ইচ্ছে করে কয়েকদিন পরপর তাদের ওপর বিভিন্ন অভিযোগ চাপিয়ে দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিৎ কুমার নাথ বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। সমস্যা সমাধান করে বাস চলাচল শুরু করার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, শিগগিরই বাস চলাচল শুরু হবে।

আকতার ফারুক শাহিন, বরিশাল