বরিশালে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করেছে এসআরবি
বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে উদ্ধার করা বোমাটি নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
পুলিশের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজারের উদ্দেশে যাচ্ছিল চালক কাওছার খলিফা। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার ইজিবাইকে একটি ব্যাগ দেখে সন্দেহ হয়। তখন ইজিবাইকচালক কাওছার খলিফার গাড়ির গতিরোধের চেষ্টা করলে তিনি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ির পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসাহ (ওসি) একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইকচালক কাওছার খলিফাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আগৈলঝাড়া থানায় আজ বুধবার সকালে উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে ইজিবাইকচালক দক্ষিণ কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০-৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। ওই মামলার আসামি কাওছারকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খান জানান, স্থানীয়রা এক ইজিবাইকচালককে বোমাসহ আটক করে থানায় সংবাদ দেয়। পরে পুলিশ গিয়ে ইজিবাইকচালককে থানায় নিয়ে আসে। আজ দুপুরে আইনশৃখলা বাহিনীর সহায়তায় এসআরবির বোমা নিষ্ক্রিয়কারী ছয়জনের একটি দল ঢাকা থেকে ঘটনাস্থলে এসে পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশের স্টেডিয়ামের বালুর মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে।

আকতার ফারুক শাহিন, বরিশাল