হাসপাতালে নবজাতকের জন্ম, পিতৃত্বের দাবি নিয়ে হাজির দুই ব্যক্তি
বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এক নবজাতকের জন্মকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে একসঙ্গে হাজির হন দুই জন- যাদের একজন মুসলিম এবং অন্যজন সনাতন ধর্মাবলম্বী। রোববার (৮ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বেসরকারি ওই হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ একটি সন্তান প্রসব করেন। সন্তান জন্মের সময় তার পাশে উপস্থিত ছিলেন সুবাস নামের এক ব্যক্তি, যিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে দাবি করছিলেন। কিন্তু এর কিছুক্ষণ পরই হাসপাতালে এসে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনিও নিজেকে নবজাতকের জন্মদাতা দাবি করেন।
এমদাদুল দাবি করেন, ২০২১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারা ঢাকায় একসঙ্গে সংসার করতেন। সন্তান প্রসবের কথা বলে গত তিন মাস আগে শান্তা তার বাবার বাড়িতে আসেন। এ সময় এমদাদুল তার সঙ্গে নিজের বিয়ের কাবিননামাসহ দাম্পত্য জীবনের নানা প্রমাণ উপস্থিত লোকজনকে দেখান।
এদিকে প্রথম স্বামী এমদাদুল হাসপাতালে উপস্থিত হওয়ার পরই কৌশলে সেখান থেকে সটকে পড়েন দ্বিতীয় স্বামীর দাবিদার সুবাস। যে কারণে সুবাসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে শান্তা দাবি করেন, এমদাদুলের সঙ্গে তার কোনো বিয়ে হয়নি এবং ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবাও এমদাদুল নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য প্রমাণের বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এমদাদুলকে পালিয়ে বিয়ে করার পর শান্তা নিজ বাড়িতে আসা-যাওয়া করতেন। এর মধ্যেই ২০২৪ সালে নিজের আগের বিয়ের কথা গোপন রেখে বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা সুবাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। দ্বিতীয় স্বামী জানতেন শান্তা চাকরির সুবাদে ঢাকায় থাকেন। অথচ তিনি ঢাকায় প্রথম স্বামীর সংসার করার পাশাপাশি বাবার বাড়ি ও বাকেরগঞ্জে যাওয়া-আসার মাধ্যমে উভয় সংসার চালিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তার মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই স্বামীর উপস্থিতির বিষয়টি জানাজানি হওয়ার পর উভয় স্বামীই একপর্যায়ে হাসপাতাল ছেড়ে চলে যান।

আকতার ফারুক শাহিন, বরিশাল