সংসদ সদস্য সেলিমুজ্জামানের গাড়ি বহরে দুর্ঘটনায় নিহত ১
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ বহরের বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনায় একজন নিহত এবং অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
পুলিশ জানায়, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় ডলফিন পরিবহণের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনগুলোতে ধাক্কা দিলে একে একে ১৫ থেকে ২০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ছাড়া বহরের বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় আহত অর্ধশতাধিক তবে এদের মধ্য গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বহরে থাকা রাগদি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন ফকিরকে (৫০) গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

কাজী মাহমুদ, গোপালগঞ্জ