সাবেক সংসদ সদস্য শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন। দুদকের পক্ষের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিষয়ে আবেদনে বলা হয়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা দায়ের করেছে দুদক। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং তার মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করার জন্য তার আয়কর নথি জব্দপূর্বক পর্যালোচনা করা আবশ্যক।

আদালত প্রতিবেদক