সাবেক সংসদ সদস্য মোজাম্মেলকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
রাজধানীর ভাটারায় মো. শামীম মিয়াকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এই আদেশ দেন।
বিএম মোজাম্মেল হক শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
নথি থেকে জানা গেছে, গত ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান বিএম মোজাম্মেল হককে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফিট সড়কে আন্দোলনে অংশ নেন বাদী মো. শামীম মিয়া। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। পরে চিকিৎসা শেষে তিনি এ ঘটনায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

নিজস্ব প্রতিবেদক