মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ১৬ লাখ ৫৫ হাজার মিটার জাল
রাজবাড়ীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে ৯৭টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৬ লাখ ৫৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ৭৮টি মামলা, ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন মেয়াদে ৪৬ জনকে কারাদণ্ড এবং ১ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ হয়েছে মা ইলিশ রক্ষায় সরকারের নির্ধারিত ২২ দিনের নিষেধাজ্ঞা।
রাজবাড়ী জেলা মৎস্য অফিস সূত্র জানায়, অভিযান চলাকালে মোট ২৭৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল নিলামে বিক্রি করে আয় হয়েছে ১ লাখ ১০০ টাকা। এ ছাড়া নিয়মিত মামলায় ২৬ জনকে আসামি করা হয়েছে।
জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলার বিভিন্ন নদ-নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত হয় মোবাইল কোর্ট। আইন অমান্য করে ইলিশ শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কারাদণ্ড, জরিমানা ও মামলা করা হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। ইলিশ শিকার নিয়ন্ত্রণে নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। তালিকাভুক্ত জেলেদের চাল দেওয়া হয়েছে। আমরা একদিকে অভিযান করেছি অন্যদিকে দেখা গেছে জেলেরা ইলিশ শিকারে নেমেছেন। ফলে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। তবে মা ইলিশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার পাশাপাশি নদীতে নিয়মিত নজরদারি, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। এতে ইলিশের উৎপাদন ও প্রজনন সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী