নকল ব্যান্ডরোলযুক্ত এক লাখ শলাকা সিগারেট জব্দ
রাজস্ব ফাঁকির অভিযোগে কক্সবাজারের চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত ৯৯ হাজার ৮০০ শলাকা সিগারেট জব্দ করেছে কক্সবাজারের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানিয়েছেন।
আল আমিন বলেন বলেন, গতকাল বুধবার (২৮ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যর (মূসক বাস্তবায়ন ও আইটি) নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।
অভিযানে জব্দ করা সিগারেটগুলো ‘মার্বেল ব্র্যান্ডের, যার উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে হেরিটেজ টোবাকোর নাম উল্লেখ রয়েছে। জব্দ সিগারেটের মোট পরিমাণ ৯৯ হাজার ৮০০ শলাকা। এসব সিগারেটের সংশ্লিষ্ট বাজারমূল্য ছয় লাখ ১৮ হাজার ৭৬০ টাকা। যার রাজস্বের পরিমাণ পাঁচ লাখ ১৩ হাজার ৫৭০ টাকা।
নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট বাজারজাতকরণের মাধ্যমে সম্ভাব্য রাজস্ব ফাঁকি প্রতিরোধ, ফাঁকিকৃত রাজস্ব উদঘাটন ও আদায় এবং সরকারের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

নিজস্ব প্রতিবেদক