পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণের ডিম জব্দ, রিমান্ডে ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৬৬২ গ্রামের তিনটি স্বর্ণের ডিম উদ্ধারের মামলায় মোহাম্মাদ মিনহাজের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এই আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুল হাসিব আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এনটিভি অনলাইনকে এ বিষয় জানিয়েছেন।
এর আগে গতকাল রোববার (১ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২৭ ফ্লাইটে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী মোহাম্মদ মিনহাজকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তার সহযোগিতায় তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এগুলোর ওজন এক কেজি ৩৬৪ গ্রাম। একই অভিযানে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও তিনটি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। এগুলোর ওজন এক কেজি ৩৬৪ গ্রাম।
কাস্টমস গোয়েন্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে, স্বর্ণের ডিমগুলো আগে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় সেগুলো আবার আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা ছয়টি স্বর্ণের ডিমের বাজার দাম চার কোটি ৯১ লাখ টাকা।

আদালত প্রতিবেদক