আদাবরে বাড়িতে হামলায় গ্রেপ্তার ৫
রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী হাউজিং এলাকার একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও জোরপূর্বক প্রবেশের চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে আদাবর থানা-পুলিশ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তারেরা হলেন–আবুল কালাম আজাদ (৬৫), মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২) ও লিয়ন (২১)।
আদাবর থানা সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৬টায় খুরশিদ আলম খানের নেতৃত্বে হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে শ্যামলী হাউজিং লিমিটেডের ৬ নম্বর রোডের ৪১ ও ৪২ নম্বর প্লটের ওপর নির্মিত একটি ভবনে হামলা চালায়। এ সময় তারা ভবনে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে এবং প্রধান ফটকে চাপাতি দিয়ে কুপিয়ে দরজা-জানালা ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলাটি তদন্তকালে আদাবর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আবুল কালাম আজাদকে এবং ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পৃথক অভিযান পরিচালনা করে মো. রাসেল, মো. আতিকুল, মো. রাসেল পিয়াদা ও লিয়নকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন মালিকানা সংক্রান্ত বিরোধ রয়েছে। এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে।
গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক