জামালপুরে নাশকতা মামলায় সাবেক মন্ত্রীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের ব্যক্তিগত সহকারী (এপিএস) ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের কেন্দ্রীয় কালীমন্দির এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল করিম দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর বিরুদ্ধে আগে থেকেই নাশকতার সুনির্দিষ্ট মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কেন্দ্রীয় কালীমন্দির এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতার মামলায় গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রেজাউল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)