রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ৫৪ জনসহ গ্রেপ্তার ৫১৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জন সদস্য রয়েছেন। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৪৬ জন মিরপুর বিভাগের। এ ছাড়া ওয়ারী বিভাগে ৮০ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, লালবাগ বিভাগে ৪৭ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং রমনা বিভাগে ২১ জন গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে এবং এসআরইউ একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক ও অন্যান্য আলামতের মধ্যে রয়েছে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এনটিভি অনলাইন ডেস্ক