অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
আকতার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিসি মো. আকতার হোসেন আরও বলেন, নিয়ম অনুযায়ী বিকেলে তাকে আদালতে পাঠানো হবে।
রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)