হেমন্তের সন্ধ্যায় কুয়াশার দাপট
শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে জানান দিচ্ছে হেমন্ত। সন্ধ্যা নামতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও ঘন হচ্ছে কুয়াশা। কখনো কখনো এতটাই ঘন হয়ে উঠছে যে আশপাশের দৃশ্যও স্পষ্ট দেখা যাচ্ছে না। রাতভর কুয়াশার এই দাপট থাকছে ভোর পর্যন্ত। এতে জনজীবনেও অনুভূত হচ্ছে শীতের আমেজ।
উপজেলার বিভিন্ন সড়ক, ফসলের মাঠ, গাছপালা আর খোলা প্রান্তরে সন্ধ্যার পর থেকেই দেখা মিলছে কুয়াশার। রাতের বেলায় সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে সামনের বাতি জ্বালিয়ে চলতে হচ্ছে। ঘন কুয়াশায় সামনের পথ ভালোভাবে দেখা না যাওয়ায় চালকদেরও থাকতে হচ্ছে বাড়তি সতর্কতায়। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকদের চলাচলে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে।
নদীবেষ্টিত দেওয়ানগঞ্জের নদ-নদী ও জলাশয়গুলোতেও রাতের বেলায় ছড়িয়ে পড়ছে কুয়াশার আস্তরণ। নদীপথে চলাচলকারী নৌযানগুলোর চালকদেরও সতর্কতার সঙ্গে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে সন্ধ্যার পর বাইরে বের হওয়া মানুষের পোশাকেও দেখা যাচ্ছে শীতের প্রস্তুতি। অনেকেই গায়ে জড়াচ্ছেন হালকা গরম কাপড়।
দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামতেই আবারও বাড়ছে কুয়াশার প্রভাব। বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে বাড়তি সতর্ক থাকছেন পরিবারের সদস্যরা।
হেমন্তের এই সময়ে কুয়াশায় মোড়ানো গ্রামীণ জনপদে তৈরি হয়েছে অন্য রকম এক আবহ। প্রকৃতির এই পরিবর্তন একদিকে যেমন বাড়াচ্ছে গ্রামের সৌন্দর্য, অন্যদিকে তেমনি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সব মিলিয়ে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কুয়াশার দাপটে দেওয়ানগঞ্জে এখন হেমন্তের চেনা রূপের সঙ্গে যুক্ত হয়েছে শীতের আমেজ।

এহসানুল মাহবুব, জামালপুর (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ-ইসলামপুর)