৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ছাড়লেন দুই ব্যবসায়ী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন দুই মাদক ব্যবসায়ী। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী গ্রামে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সভায় নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর মাদক ব্যবসার সঙ্গে জড়িত না থাকার অঙ্গীকার করেন তারা। মাদক ব্যবসা ছেড়ে দেওয়া ওই দুই ব্যক্তি হলেন- বুরুমদী গ্রামের বাসিন্দা মাছুম ভূঁইয়ার ও হাবিবুর রহমান পিয়ার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বুরুমদী গ্রামে মাদক ব্যবসা ও মাদকসেবীদের দৌরাত্ম্য আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আল মুজাহিদ মল্লিকের উদ্যোগে একটি মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় মাছুম ভূঁইয়া ও হাবিবুর রহমান পিয়ারকে উপস্থিত করে দীর্ঘ আলোচনার পর, তারা প্রকাশ্যে ৩০০ টাকার স্ট্যাম্পে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দেন।
নিজের ভুল স্বীকার করে মাছুম ভূঁইয়া বলেন, সমাজকে ভালো রাখার জন্য তিনি এই ব্যবসা ছেড়ে দিলেন এবং ভবিষ্যতে কখনও এমন মন-মানসিকতা তৈরি হলে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।
জামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ামিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আল মুজাহিদ মল্লিক। এছাড়া জামপুর ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল, জাসাস ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় আল মুজাহিদ মল্লিক বলেন, ঐতিহ্যবাহী বুরুমদী গ্রামের পরিবেশ মাদকের ছোবলে নষ্ট হতে দেওয়া যাবে না। দুজনকে মাদক থেকে ফিরিয়ে আনার এই চেষ্টার পাশাপাশি ভবিষ্যতে গ্রামে মাদক প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, শুধু ঘোষণাই নয়, তারা যেন বাস্তবেও মাদক থেকে দূরে থাকে সেজন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হবে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারলে সমাজ ও রাষ্ট্র উভয়ই উপকৃত হবে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)