নিষিদ্ধ ছাত্রলীগনেতাকে ধরল ছাত্রদল, মুচলেকায় ছাড়লেন প্রক্টর
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ৩টায় বাকৃবি ছাত্রদলের নেতারা তাকে ক্যাম্পাসে সন্দেহজনক ঘোরাফেরা করায় আটক করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
বাকৃবি প্রক্টর আব্দুল আলীম ও ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক নিষিদ্ধ ছাত্রলীগনেতা হলেন মো. ফাহিম শাহরিয়ার রিফাত। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হল কমিটির উপক্রীড়া সম্পাদক।
বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর সে গা-ঢাকা দিয়েছিল। গতকাল সোমবার রাতে বাকৃবি ক্যাম্পাসের রেল লাইনে অগ্নিসংযোগ চেষ্টার সঙ্গে ফাহিম জড়িত বলে দাবি করেন তিনি।
এদিকে ফাহিমকে ধরে এনে পরিচয় নিশ্চিত এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়কসহ অন্যরা মারধর করছেন এক মিনিট ৫৩ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
আতিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ফাহিম নিজের ফেসবুক আইডিতে সরকারবিরোধী নানা পোস্ট আপলোড করে আসছিলেন।
বাকৃবি প্রক্টর আব্দুল আলীম বলেন, ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমানসহ নেতারা তাকে ধরে আমার কাছে আনেন। সে সরকারবিরোধী পোস্টসহ সব নেতিবাচক কর্মকাণ্ড থেকে বিরত থাকার লিখিত মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে ক্যাম্পাসের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে ভোটিরিনারি বিভাগে পড়াশোনা করছে।

আইয়ুব আলী, ময়মনসিংহ