আগুন সন্ত্রাস আওয়ামী লীগের ইতিহাস : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগুন সন্ত্রাস আওয়ামী লীগের ইতিহাস। সাহস থাকলে দেশে আসেন, জনগণ মূল্যায়ন নাকি অন্য কিছু করে, তা পরে দেখেন। আগুন সন্ত্রাস বাদ দেন, জ্বালাও-পোড়াও করতে উসকানি দিয়েন না।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় দাউদপুর জেনারেল হাসপাতাল ও রাজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ৫ আগস্টের আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে কঙ্কাল রেখে পালিয়ে গেছেন। পটকাবাজি, বোমাবাজি, বাসে আগুন লাগানো ও মানুষকে উসকানি দেওয়া আওয়ামী লীগের ইতিহাস। সারাদেশের মানুষকে মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ হোটেল শেরাটনের সামনে দোতলা বাসে কীভাবে আগুন লাগিয়ে মানুষ পুড়িয়েছিল। আওয়ামী লীগ আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা এ দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রুখে দিতে হবে। বিএনপি সরকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করা দরকার, তা করছে।
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ আরও অনেকে।
এ সময় রূপগঞ্জের অভ্যন্তরীণ রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী ও অতিথিরা।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)