নারায়ণগঞ্জের রূপগঞ্জে রেস্টুরেন্টে আগুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর শিমুলিয়া বাজার এলাকায় ‘পূর্বাচল ভাই ভাই রেস্টুরেন্ট’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাবেক সহ-সাধারণ সম্পাদক রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, সকালে পূর্বাচল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়। এতে রেস্টুরেন্টের ১২ লাখ টাকার মালামালসহ আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় পর্যাপ্ত সিসিটিভি ফুটেজ ও প্রমাণ রয়েছে এবং থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
রেস্টুরেন্টের পরিচালক জুয়েল বলেন, ভোরে কে বা কারা আগুন দিয়ে সব পুড়িয়ে দিয়েছে। এটি বিদ্যুৎ বা গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবেই আগুনটি লাগানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. এইচ. এম. সালাউদ্দিন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)