পুকুরের পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু
বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় পুকুরের পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সাতলা ১নং ওয়ার্ডের বিশ্বাস বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইশা বিশ্বাস (২১)। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সাতলা এলাকার বিশ্বাস বাড়ির সন্তান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে কলেজে যাওয়ার প্রস্তুতি হিসেবে গোসল করতে বাড়ির পেছনের পুকুর ঘাটে যান ইশা। মেয়েকে গোসল করতে দেখে তার মা পাশের বাড়িতে খাবার পানি আনতে যান। এর কিছুক্ষণ পর মা পানি নিয়ে ফিরে এসে ইশাকে ঘাটে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান।
এরপর পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে ইশার ব্যবহৃত জুতা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুকুরের পানিতে নেমে তল্লাশি চালিয়ে ইশার নিথর দেহ উদ্ধার করা হয়।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

আকতার ফারুক শাহিন, বরিশাল