সাভারে ২২৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিল জাবাল-ই-নূর ফাউন্ডেশন
সাভারে ২২৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে জাবাল-ই-নূর ফাউন্ডেশন। জাবাল-ই-নূর ফাউন্ডেশন পরিচালিত ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৯১৯ জন অংশগ্রহণকারীর মধ্যে কৃতি ২২৩ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।
সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট মিলনায়তনে আজ শুক্রবার (১৯ জুন) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, প্রধান আলোচক ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা।
জাবাল-ই-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মো. সাইফুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. জয়নুল আবেদীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ জ ম কুতুবুল ইসলাম নোমানী, জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ও সাভার মডেল কলেজ অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা সত্যনিষ্ঠা, সততা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে একজন আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে ওঠার বিষয়ে গুরুত্বরোপ করে সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বলেন, কেবলমাত্র পুঁথিগত শিক্ষাই নয় বরং বাস্তবমুখী, বিজ্ঞানভিত্তিক ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। সময়ের প্রতিটি সেকেন্ডকে মূল্যবান মনে করে সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।

জাহিদুর রহমান