আশুলিয়ায় থেমে থেমে সংঘর্ষ, বেশ কয়েকটি কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের ৩ দফা দাবিতে শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১১ নভেম্বর) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের বেরন ও ছয়তলা এলাকার পাঁচটি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। পরবর্তীতে শ্রমিকরা আশপাশের গলিতে ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে (এপিসি) হামলা চালালে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল থেকে এমন উত্তপ্ত পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, সরকার গঠিত মজুরি বোর্ডকে এখনই তাদের ৩ দফা দাবি মেনে নিয়ে নতুন মজুরি ঘোষণা করতে হবে।
তবে কারখানা মালিকদের দাবি, মজুরি বোর্ডের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা নতুন মজুরি পাবেন। তা সত্ত্বেও শ্রমিকদের চলমান অসন্তোষের মুখে তারা শ্রম আইনের ১৩(১) ধারার অধীনে কারখানা বন্ধ ঘোষণা করা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না। এই আইন অনুযায়ী ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।
আশুলিয়ার নরসিংহপুর এলাকার অন্যতম বৃহৎ কারখানা শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, প্রতিদিন শ্রমিকরা কারখানায় ঢুকে কাজ বন্ধ রেখে বেরিয়ে যাওয়ায় দৈনিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি হচ্ছে। এর ফলে কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা নষ্ট হচ্ছে, যা অব্যাহত থাকলে ভবিষ্যতে কারখানা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।
সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কারখানার সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

জাহিদুর রহমান