সরকারি কর্মকর্তাদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নবনিযুক্ত সরকারি কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ নিয়ে জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘একজন নাগরিকের বয়স যা-ই হোক না কেন, সহযোগিতার জন্য আপনাদের দপ্তরে এলে তিনি যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।’
রোববার (৮ নভেম্বর) সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে নবনিযুক্ত বিসিএস কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
কর্মকর্তাদের উদ্দেশে তারেক রহমান বলেন, একাডেমিক পড়াশোনা ও ব্যবহারিক প্রশিক্ষণ শেষ করে তারা পেশাগত জীবনের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
চার মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করায় তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে তাদের সাফল্য কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো সরকারের সার্বিক সফলতার জন্য দক্ষ, সৎ ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য। তিনি আরও বলেন, ‘দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন শুধু একজন কর্মকর্তাকেই সমৃদ্ধ করে না, রাষ্ট্র ও সরকারকেও সমৃদ্ধ করে।’
তারেক রহমান বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা প্রশাসন, পররাষ্ট্র, কৃষি, কর, শিক্ষা, তথ্যসহ বিভিন্ন ক্যাডারে যোগ দেবেন। নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী তাদের দায়িত্বের ধরন ভিন্ন হতে পারে। তিনি আরও বলেন, ‘আপনাদের ক্যাডার বা কর্মস্থল আলাদা হতে পারে, আপনাদের প্রথম ও প্রধান পরিচয় আপনারা প্রত্যেকেই জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবা করার জন্যই আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে।’
অন্যের কাছ থেকে নিজেরা যে ধরনের আচরণ প্রত্যাশা করেন, নাগরিকদের সঙ্গে সেভাবেই আচরণ করার নীতি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি বিবেচনাপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের অবশ্যই আইনের সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। তবে আধুনিক রাষ্ট্র ও প্রশাসনে সেবাপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ করাও সমান গুরুত্বপূর্ণ। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো নাগরিক আবেদনপত্রে ভুল নিয়ে এলে তাকে শুধু ভুল সংশোধন করে আনতে বললেই হবে না; বরং ভুলগুলো সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিয়ে কোথায় ও কীভাবে সেগুলো সংশোধন করতে হবে, সে বিষয়ে তাকে পরামর্শ দিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের মানুষ আপনাদের কাছ থেকে শুধু আদেশ-নির্দেশ নয়, মানবিকতাও প্রত্যাশা করে।’ পছন্দের পদে পদায়ন বা পদোন্নতির জন্য পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে আপস না করার পরামর্শও দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো স্থানে যেকোনো পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয়। এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘কোনো সরকারই যেমন স্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ী নয়।’
কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি সরকারি কর্মকর্তাদের সমর্থন থাকাকে ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না বলে জানান প্রধানমন্ত্রী। তবে তার মতে, সেই সমর্থনের প্রতিফলন ব্যালট বাক্সে ঘটতে হবে, সরকারি দপ্তরে নয়।
প্রধানমন্ত্রী স্বীকার করেন, সরকার প্রশাসনের মাধ্যমে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে। তবে জনগণের দেওয়া নির্বাচনি ম্যান্ডেটের ভিত্তিতেই সরকার তা করছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনি ইশতেহার এখন জনগণের ইশতেহার ও তাদের দলিল। তাই এটি বাস্তবায়ন করা বর্তমান সরকারের দায়িত্ব।’ প্রয়োজনীয় প্রশাসনিক কাজগুলো আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সেই সঙ্গে জনপ্রশাসনে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, সরকারি সেবা উন্নত করতে প্রশাসনিক উদ্যোগের চেয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইতিবাচক মনোভাব অনেক সময় বেশি কার্যকর হয়।
বক্তব্যের শেষ পর্যায়ে পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতার দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঘরবাড়ি, অফিস ও জনপরিসর পরিচ্ছন্ন রাখলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও পরিচ্ছন্ন দেশ গড়ে তোলা সম্ভব হবে।
চার মাসের প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে সেরা ফলাফল অর্জনকারী ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)