মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে শ্রমিক নিহত
নেত্রকোনার মদনে জমিতে মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে বজ্রাঘাতে রাজিব মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব মিয়া জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন। সম্পর্কে তিনি মদন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ফিরোজ মিয়ার আপন ভাগনে। পারিবারিক সূত্র জানায়, নিহত রাজিবের স্ত্রী বর্তমানে ৪ মাসের অন্তঃসত্ত্বা। তার এই মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে রাজিব বাড়ির কাছের বিলে বা জমিতে মাছ ধরার জন্য পেতে রাখা ‘বাইর’ (মাছ ধরার বাঁশের তৈরি ফাঁদ) তুলতে গিয়েছিলেন। কাজ করার সময় হঠাৎ আকাশে মেঘের গর্জনের সাথে তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, বজ্রাঘাতে রাজিব মিয়া নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে জরুরি আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ভজন দাস, নেত্রকোনা