গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এই বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা রাস্তা ছেড়ে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে গতকাল রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেপাশের পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় আজ সোমবার সকালে মহাসড়কে শ্রমিকদের কোনো বিক্ষোভ করতে দেখা যায়নি। তবে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান ও টহল অব্যাহত রয়েছে। অন্যদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ওই দুটি কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। বর্তমানে শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর