হাইকোর্টে তিনবার আগাম জামিন, তদবিরকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ
ফৌজদারি মামলায় একই আসামিদের তিনবার আগাম জামিন নেওয়ার ঘটনায় তিন আইনজীবীকে সতর্ক করে ক্ষমা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের পেছনে তদবির করার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে শুনানি শেষে এসব আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ হাসিবুর রহমান।
ক্ষমা পাওয়া তিন আইনজীবী হলেন—তানিয়া সুলতানা, মো. মিজানুর রহমান ও সৈয়দ মো. ইউসুফ। আর মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে দুই তদবিরকারী আরিফুল ইসলাম বিজয় ও মো. সৌরভ মণ্ডলের বিরুদ্ধে।
তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট আসামি মো. পাপ্পুসহ অন্য আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, শুনানিতে তিন আইনজীবী আদালতে ব্যাখ্যা দেন, সংশ্লিষ্ট আসামিরা একই মামলায় এর আগে আগাম জামিন নিয়েছেন, এই তথ্য তাদের জানা ছিল না। আইনজীবীদের বক্তব্য ও ব্যাখ্যা বিবেচনায় নিয়ে আদালত তাদের ক্ষমা করেন। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সতর্ক থাকার নির্দেশ দেন।
এর আগে, গত ৫ নভেম্বর একই মামলায় আসামিদের তিনবার আগাম জামিন নেওয়ার বিষয়টি নজরে আসার পর তিন আইনজীবীকে তলব করেন হাইকোর্ট। তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।
নথি থেকে জানা গেছে, শেরপুরের একটি ফৌজদারি মামলায় আসামিরা তথ্য গোপন করে একাধিকবার আগাম জামিন নেন। একই মামলায় তিনবার আগাম জামিন নেওয়ার বিষয়টি আদালতের নজরে এলে এ নিয়ে প্রশ্ন ওঠে। পরে বিষয়টি তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে আদালত এ আদেশ দেন।
আইনগতভাবে আগাম জামিন একটি নির্দিষ্ট মামলার জন্য দেওয়া হয়। তাই একই মামলায় তথ্য গোপন করে বারবার আগাম জামিন নেওয়ার বিষয়টি আদালতের কাছে গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক