দিনাজপুরে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রানীগঞ্জ–বিরামপুর সড়কের সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম হাকিমপুর উপজেলার খট্রা বলরামপুর (সোনার পাড়া) গ্রামের মো. আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজার থেকে বিরামপুরের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ভটভটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। প্রচণ্ড আঘাতে অটোরিকশাটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এ সময় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ভটভটিটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)