মুন্সীগঞ্জে হাসপাতালের চারতলা থেকে যুবকের লাফ
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনের চারতলা থেকে চুরির শাস্তি থেকে বাঁচতে অজ্ঞাত যুবক লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত যুবকের পরিচয় জানা যায়নি।
ওই যুবকের লাফ দেওয়া এবং তিনি গুরুতর আহত হওয়ার বিষয়টি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের রোগী ও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার জেনারেল হাসপাতালের চতুর্থ তলার প্যাথলজি বিভাগের ২২৩নং কক্ষ থেকে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাও এলাকার একজন রোগীর মোবাইল চুরি হয়। সোমবার দুপুরে হাসপাতালের একই বিভাগের একই কক্ষ থেকে মোবাইল চুরির সময় রোগী ও রোগীর স্বজনরা অজ্ঞাত ওই যুবককে হাতেনাতে আটক করে। এরপর রোগী ও স্বজনরা তাকে হাসপাতালের চারতলার প্যাথলজি বিভাগের ২২৩নং কক্ষের বারান্দায় আটক রেখে পুলিশকে খবর দিতে যায়। এ সময় ওই যুবক বারান্দা থেকে লাফিয়ে পরে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোবাইল চুরি হওয়ার ঘটনায় ভুক্তভোগী নারী জানান, গত শনিবার আমার মোবাইল চুরি হয়। আজকে দুপুরে আমাদের ওয়ার্ডে মোবাইল চুরি করে যাওয়ার সময় ওয়ার্ডের লোকজন তাকে হাতেনাতে তাকে আটক করে। পরে বারান্দায় আটকে রেখে তাকে আমি পুলিশ আনতে যাই। এসে দেখি, সে বারান্দা থেকে লাফ দিছে।
একই ওয়ার্ডের একজন রোগীর স্বজন জানান, আমরা তাকে হাতেনাতে আটক করে বারান্দায় আটকে রাখি। কাউকে মারধর করতে দেইনি। তার নাম ঠিকানা বারবার জিজ্ঞেস করলেও বলেনি। পরে পুলিশের ভয়ে সে বারান্দা থেকে লাফ দেয়।
এ বিষয়ে হাসপাতালের ইমারজেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক এস এম ফেরদৌস বলেন, দুপুর দেড়টার দিকে ইমারজেন্সিতে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মমিনুল ইসলাম বলেন, হাসপাতালের মোবাইল চুরি নিয়ে তাকে আটক করা হয়। পরে যুবকটি হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়েছে। তদন্ত চলছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ