মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দুই পক্ষের সংঘর্ষে সেলিম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া, সামারচর এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়।
নিহত সেলিমের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বৃহস্পতিবার ফের দুই পক্ষের সংঘর্ষ হয়। চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেলিম নামের একজনকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের তথ্যটি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ