মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে মোস্তাফিজুর (৪) ও আলিফ (৩) নামের দুই আপন চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় ওই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর হাঁসাড়া বাজারের ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে এবং আলিফ সিঙ্গাপুর প্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে নিহত দুই শিশুর দাদা হালিম দেওয়ান তার দুই নাতি মোস্তাফিজুর ও আলিফকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যান। এ সময় তিনি ওই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলতে থাকার এক পর্যায়ে শিশু দুটি বাড়ি সংলগ্ন পুকুরের পাড়ে খেলতে যায় এবং সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পরে তাদের বাড়ির উঠানে দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ওই দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবেন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ