মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, গিয়াসনগর এলাকায় শ্রীমঙ্গলগামী সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক আলিনুর ও যাত্রী রুবেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেহান মিয়া নামের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পিকআপ ভ্যান চালক পলাতক রয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনোর রশিদ বলেন, নিহত তিনজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এস এম উমেদ আলী, মৌলভীবাজার