আলীকদম-চকরিয়া সড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত
বান্দরবানের আলীকদম-চকরিয়া সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার (১৮ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পুলিশ সদস্য সাজু চক্রবর্তীর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাজু চক্রবর্তীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি সদস্য শফিউল আলম বাদশা ও সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা আক্তার।
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর আলীকদম থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। তিনি দাপ্তরিক কাজের উদ্দেশে বের হয়েছিলেন। পরে আমরা তার দুর্ঘটনার খবর জানতে পারি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আলীকদম ট্রাফিক পুলিশের পরিদর্শক সুজিত জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি সড়কের ওপর রেখেই চালক ও সহকারী পালিয়ে যান। পরে পরিত্যক্ত অবস্থায় বাসটি জব্দ করা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমিনুল খন্দকার, বান্দরবান (আলিকদম-লামা)