৭ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশা ও নানা জটিলতা কাটিয়ে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সাময়িক বন্ধ থাকার দীর্ঘ সাত ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ফেরির সঙ্গে বালুবোঝাই বাল্কহেডের সংঘর্ষে এক শিশু নিহতের ঘটনায় এক ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতিতে আজ শনিবার ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডাকা এই আকস্মিক ধর্মঘটের কারণে শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণা ফেরিঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দুই শতাধিক ছোট-বড় যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে হরিণাঘাট থেকে ‘কাকলি’ নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে শরীয়তপুরের নরসিংহপুরের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মেঘনা নদীসংলগ্ন বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালুবোঝাই বাল্কহেড সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরির ওপর থাকা কয়েকটি যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষের সময় একটি বাসের অংশবিশেষ বাল্কহেডের সঙ্গে চেপে গেলে পাঁচ শিশু গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু মারা যায়।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর চাঁদপুরের আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিকভাবে বাল্কহেডের দুই শ্রমিক ও ‘কাকলি’ ফেরির মাস্টার মোশারফ হোসেনকে আটক করেন। পরে গতকাল রাতে ফাঁড়ির এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক ফেরি মাস্টার মোশারফ হোসেনসহ চারজনকে আসামি করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, এজাহারভুক্ত চার আসামির মধ্যে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মামলার অপর এক আসামিপক্ষের বাল্কহেড শ্রমিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে বালুবোঝাই নৌযানের শ্রমিক ও ফেরির মাস্টারের পারস্পরিক অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রচলিত আইনেই এই মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর