লক্ষ্মীপুরে সড়কে ঝরল ছাত্রদল নেতার প্রাণ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক মাহিদুল ইসলাম শাওন (১৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জেলা ছাত্রদল। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং ওই বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। সে উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আজিম মাস্টারবাড়ির মো. মাসুদের ছেলে।
স্থানীয়রা জানায়, শাওন মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না বলেন, দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শাওন মারা গেছে। তার মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ জানায়নি।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর