মমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে হাসপাতালের ৬তলায় অবস্থিত ৩১ নম্বর শিশু ওয়ার্ডের অক্সিজেন রুমে এই আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের পর পর পুরো এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ অক্সিজেন রুম থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে ভেতরে থাকা রোগীদের স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কাজ করছেন। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

আইয়ুব আলী, ময়মনসিংহ