উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক কামরুজ্জামান
যশোরের কেশবপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. কামরুজ্জামান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার ফলাফলে মাধ্যমিক পর্যায়ে তিনি এই গৌরব অর্জন করেন। কামরুজ্জামান বর্তমানে উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
আজ রোববার (১১ জানুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ তার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কামরুজ্জামান ২০১৫ সালের ১২ ডিসেম্বর মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পেশাগত জীবনে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
নতুন কারিকুলাম বিস্তরণ প্রশিক্ষণে ২০২৩-২৪ সালে উপজেলা প্রশিক্ষক হিসেবেও তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বর্তমানে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মো. কামরুজ্জামান উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কাকবান্ধাল গ্রামের সাবেক ইউপি সদস্য শের আলী গাজীর ছেলে।
বর্তমানে তিনি সপরিবারে কেশবপুর পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় বসবাস করছেন। তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে। শিক্ষা কর্মকর্তা ও সহকর্মীরা আশা প্রকাশ করেছেন যে, তার এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষকদেরও মেধা ও সৃজনশীলতায় অনুপ্রাণিত করবে।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)