দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে আজ সোমবার (৯ নভেম্বর) সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের ভেতরে পণ্য লোড-আনলোড ও খালাস প্রক্রিয়া অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বাভাবিক রয়েছে দুদেশের মধ্যে আন্তর্জাতিক পাসপোর্ট যাত্রী পারাপার।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে আজ সোমবার ভারত অংশের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। তবে ভারত থেকে আসা যেসব ট্রাক পণ্য খালি করেছে, সেগুলোর নিজ দেশে ফিরে যাওয়ার সুবিধার্থে চেকপোস্ট কার্গো শাখা খোলা রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে এই বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি আগে থেকেই চিঠির মাধ্যমে বেনাপোল বন্দরের ব্যবসায়ী ও কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, বন্দর দিয়ে পণ্য পরিবহণ বন্ধ থাকলেও আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত একেবারেই স্বাভাবিক রয়েছে।

মহসিন মিলন, বেনাপোল