বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের বিনিয়োগ উপযোগী পরিবেশ করে দিতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত বাণিজ্যিক আদালত আইন সংস্কার বিষয়ক অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইনমন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, সর্বোপরি আমাদের উদ্দেশ্য বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে তাদের বিনিয়োগ উপযোগী পরিবেশ করে দিতে হবে।
মন্ত্রী বলেন, আগে বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে হলে ২০ থেকে ২৫ জায়গার অনুমতি লাগতো। আবার সেই অনুমতি নিতে কমপক্ষে ছয় মাস বিভিন্ন টেবিলে যেতে হতো। আমরা সেখানে ইনভেস্ট বাংলাদেশ অ্যাক্ট-২০২৬ এর মাধ্যমে বিনিয়োগের বিষয়টি এক ছাতার নিচে নিয়ে এসে সহজতর করার ব্যবস্থা করেছি।
আইনকে যুগোপযোগী করার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের প্রটেকশনের ব্যবস্থা করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আমরা কমার্শিয়াল কোর্ট যখন করবো, নিশ্চয়ই এটা মাথায় রাখবো- যাতে করে বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া যায়।
আজকের পরামর্শ সভার প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন। পরামর্শ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপ মাইকেল ক্রেজার ও বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস। পরামর্শ সভায় স্বাগত বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)