সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর শঙ্কা : আঘাত হানতে পারে কখন কোথায়?
আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ১৮ নভেম্বর নাগাদ এটি আরও শক্তিশালী হয়ে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) এ তথ্য জানিয়েছে। খবর ওড়িশা টিভি।
আইএমডি এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ কেমন হতে পারে, তার একটি পূর্বাভাস দিয়েছে। তবে এটি শেষ পর্যন্ত ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে যাবে, তা এখনও স্পষ্ট নয়।
সমুদ্রে শক্তি বৃদ্ধির আশঙ্কা
বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘আকভান’।
এরপর এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার নাগাদ এটি দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা
সমুদ্রে অবস্থানকালে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হয়ে ১৮ নভেম্বরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ঠিক কোন উপকূলের দিকে এগিয়ে আসতে পারে, সে বিষয়ে আইএমডি এখনও কিছু জানায়নি।
ঘূর্ণিঝড়টি কীভাবে অগ্রসর হয় এবং এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে, তা পরিস্থিতি আরও স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে জানা যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক