নিহত শ্রমিক দীপুর বাড়িতে জেলা প্রশাসক
ময়মনসিংহের ভালুকায় হত্যাকাণ্ডের শিকার শ্রমিক দীপু চন্দ্র দাসের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি তারাকান্দা উপজেলায় নিহতের নিজ বাড়িতে যান।
পরিবারটির সঙ্গে সাক্ষাৎকালে জেলা প্রশাসক শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি প্রাথমিকভাবে সরকারের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা, একটি সেলাই মেশিন এবং শীতবস্ত্র প্রদান করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, এই ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। দীপু যে কারখানায় কর্মরত ছিলেন, সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। তিনি যেন যথাযথ ক্ষতিপূরণ পান, সেটি নিশ্চিত করা হবে। এছাড়া পরিবারটির দীর্ঘমেয়াদী প্রয়োজনে যা যা করা দরকার, জেলা প্রশাসন তা করবে।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ‘পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মরদেহ পুড়িয়ে দেওয়ার এক ন্যক্কারজনক ঘটনা ঘটে।

আইয়ুব আলী, ময়মনসিংহ