ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
ছাত্রাবাসে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজধানীর ফার্মগেট মোড় অবরোধ করেছে তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এর ফলে ফার্মগেট-সংলগ্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। স্থবির হয়ে পড়েছে যান চলাচল।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেন। এরপর তাঁরা ফার্মেগেট মোড়ে অবস্থান নেন।
নিহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের জেরে আহত হওয়ার পর গতকাল বুধবার দুপুরের দিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সহপাঠীরা নিহত রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট মোড় অবরোধ করেন। শিক্ষার্থীরা বলেন, ‘আমরা রানা ভাইয়ের হত্যার বিচার চাই।’
তেজগাঁও থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আশিক ইকবাল জানান, শিক্ষার্থীরা সকাল ১০টা ৩০ মিনিটে ফার্মগেট মোড় অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকায় হাজারও মানুষ ভোগান্তিতে পড়েন।
একজন পথচারী জানান, তীব্র যানজটের কারণে তাকে রমনা থেকে ফার্মগেট অফিস পর্যন্ত হেঁটে যেতে হয়েছে।

নিজস্ব প্রতিবেদক