১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোরাসানি
ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামিক পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। খবর তাসনিম নিউজ এজেন্সির।
সম্প্রতি প্রবীণ এই ধর্মীয় নেতাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে এই সংবাদ জানানো হয়।
ওই বিবৃতিতে মরহুম এই জ্যেষ্ঠ নেতাকে নবী মুহাম্মদ (সা.)-এর আহলে বাইতের একজন শীর্ষস্থানীয় আইনবিদ (জুরিস্ট), শিয়াদের বিশিষ্ট ধর্মীয় গুরু, একনিষ্ঠ পণ্ডিত এবং ইসলামিক সেমিনারিগুলোর একজন প্রখ্যাত শিক্ষক হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
১৯২১ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণকারী আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি তার জীবনের দীর্ঘ দশকগুলো ধর্মীয় বিজ্ঞান শিক্ষা, গবেষণা ও শিক্ষাদানে উৎসর্গ করেছিলেন। তার হাত ধরে বহু প্রখ্যাত পণ্ডিত শিক্ষালাভ করেছেন এবং তিনি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় খোরাসানিকে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক