যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের ‘শান্তি ঘোষণাপত্রে’ কী আছে?
চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অ্যাপেক (এপিইসি) শীর্ষ সম্মেলন শেষে বিশ্বনেতারা এখন নিজ নিজ দেশে ফিরছেন। নানা আলোচনা ও বিবৃতির পর এই ত্রিপক্ষীয় বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি এখন সামনে আসতে শুরু করেছে, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা চলছে। খবর আল জাজিরার।
চীনা গণমাধ্যমে বহুল প্রচারিত ‘শান্তি ঘোষণাপত্র’ বিবৃতিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর এই তিনটি দেশের (যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া) নেতারা পারমাণবিক অস্ত্র ও এর মজুত কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার বিষয়ে আলোচনা করেছেন।
বিবৃতিতে ‘পারমাণবিক যুদ্ধে কখনো জয়ী হওয়া যায় না’-এমন বক্তব্যও তুলে ধরা হয়েছে।
মূলত এটি পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়ে একটি সামগ্রিক বিবৃতি। তবে এই ঘোষণার মাধ্যমে দেশগুলো ঠিক কী অর্জন করতে যাচ্ছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
পারমাণবিক সক্ষমতার দিক থেকে এই তিন দেশের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র থাকলেও চীনের কাছে রয়েছে প্রায় ৬০০টি পারমাণবিক অস্ত্র।
এছাড়া ঘোষণাপত্রে বিশ্বের নিরাপত্তার স্বার্থে স্থিতিশীল জ্বালানি সরবরাহ বজায় রাখার গুরুত্ব নিয়েও সামগ্রিক কিছু বক্তব্য দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে মূলত তেল সরবরাহ ও এর প্রবাহ স্বাভাবিক রাখার বিষয়টিকেই ইঙ্গিত করা হয়েছে।
এদিকে, বৈঠকস্থল ত্যাগের সময় ক্রেমলিনের প্রকাশিত এক ভিডিও ফুটেজে পুতিনকে উদ্দেশ্য করে শি জিনপিংকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় না কেউ এমনটা আশা করেছিল যে- সবকিছু এত ভালোভাবে সম্পন্ন হবে।’
এর আগে শি জিনপিং এই আলোচনাকে ‘যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা ‘সত্যিই ইতিহাস তৈরি করছেন’।
সম্মেলনস্থল থেকে বিবিসির প্রতিবেদক নাদা তৌফিক জানান, কিছুদিন আগেও এমন একটি বৈঠক ছিল একেবারেই অকল্পনীয়।
ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্প পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই সময় তিনি রুশ নেতাকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এছাড়া শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও চীন ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চায়।
তবে এই বৈঠক নিয়ে ইউরোপীয় মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। বিবিসির প্রতিবেদক লরা বিকার জানান, ইউক্রেন ইস্যুতে শি জিনপিং রাশিয়ার ওপর আরও বেশি চাপ সৃষ্টি না করায় ইউরোপের অনেক মহলেই হতাশা বাড়ছে।
অন্যদিকে, বিবিসির আরেক প্রতিবেদক স্টিভ রোজেনবার্গ মনে করেন, পুতিনের জন্য এই শীর্ষ সম্মেলন এরই মধ্যে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক