যেকোনো হামলার ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো ধরনের আগ্রাসনের ‘ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক’ জবাব দেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমদ ভাহিদি। খবর আল জাজিরার।
ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়েছে, জেনারেল ভাহিদি দাবি করেছেন, মধ্যপ্রাচ্য ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনায় বড় ধরনের আঘাত হেনেছে ইরান।
আইআরজিসি প্রধান বলেন, যুক্তরাষ্ট্র আজকের মতো এমন একাকীত্ব বা বিচ্ছিন্নতায় আগে কখনো পড়েনি। তারা সবার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু ইরানি জাতির ভয়ে কেউ তাদের সহায়তায় এগিয়ে আসেনি। ইরানের সামরিক বাহিনী ‘পরাশক্তিগুলোর দম্ভ চূর্ণ করে দিয়েছে’ বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের ওপর নতুন করে যেকোনো হামলার বিষয়ে সতর্ক করে ভাহিদি বলেন, আগ্রাসন যতই সামান্য হোক না কেন, এর জবাবে ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক আঘাত হানা হবে।
এদিকে, হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি জানিয়ে সর্বশেষ বিবৃতিতে নৌ-পরিবহণ কোম্পানিগুলোকে সতর্ক করেছে আইআরজিসি নৌবাহিনী। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ‘মিথ্যা আশ্বাসে বিশ্বাস না করার’ আহ্বান জানিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক